এবার রাজধানীতে বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাইকারীরা। সর্বস্ব ছিনিয়ে নেয়ার পাশাপাশি ঘটছে খুনের ঘটনাও। গত ৩০ আগস্ট এক ব্যক্তির হাতে থাকা ব্যাগের ৩৮ লাখ টাকা ছিনতাইকারীর জন্য দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা তাকে অনুসরণ করতে থাকে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল। পরে রাজধানীর ধানমণ্ডির ডিঙি রেস্টুরেন্টের সামনে রিকশার গতিরোধ করে তার কাছ থেকে সব টাকা ছিনিয়ে নেয় তারা।
গত ২৯ আগস্ট চোখের চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় এসে লাশ হয়ে ফিরেছেন রনজিলা পারভীন। সংসদ ভবন এলাকায় ঘটে এ ঘটনা। সেখানেও ছিনতাইকারীদের হানা।
সম্প্রতি জমি বিক্রির পাঁচ লাখ টাকা নিয়ে জামালপুর থেকে গাজীপুরে ফিরছিলেন ইসমাইল হোসেন। পথে শ্বাসরোধে হত্যার পর এক্সপ্রেসওয়েতে তার মরদেহ ফেলে দেয়া হয়।
রাজধানীতে বেপরোয়া ছিনতাইকারীদের ঠেকাতে এবার অপরাধপ্রবণ এলাকায় বিশেষ কৌশল নিয়েছে র্যাব–২। পরিকল্পনার অংশ হিসেবে ভিকটিম সেজে মাঠে নামবেন র্যাব সদস্যরা। অপরাধপ্রবণ এলাকায় টহলের দায়িত্বে থাকবে একাধিক টিম। ছিনতাইয়ের ঘটনা ঘটলেই টহল টিমের কাছে পৌঁছে যাবে সিগন্যাল। ছিনতাইকারীদের গতিবিধি লক্ষ্য করে সুবিধাজনক জায়গায় তাদের আটকে দেয়া হবে।

ডেস্ক রিপোর্ট 






















