ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিপুল ভোটে বিজয়ী মহিউদ্দীন খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তাঁর শৈশবের শিক্ষাপ্রতিষ্ঠান হানাইল নোমানিয় আলিয়া কামিল মাদ্রাসায় এক সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মহিউদ্দীনের পরিবার ও তাঁর শৈশবের সহপাঠীরা। সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল হাকিম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও জয়পুরহাট-১ আসনের প্রার্থী ফজলুর রহমান সাঈদ এবং জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া।
বক্তারা বলেন, মহিউদ্দীন খানের এই অর্জন কেবল ব্যক্তিগত নয়; এটি জয়পুরহাট জেলার ও হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার গর্ব। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে মহিউদ্দীন সৎ, ন্যায়নিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে মহিউদ্দীন খান বলেন, তাঁর এই সাফল্য জয়পুরহাটের প্রতিটি তরুণের। গ্রামের শিক্ষার্থীরাও যেন নেতৃত্বের স্বপ্ন দেখতে ও তা বাস্তবায়ন করতে সাহস পায়। তিনি সবার দোয়া চান, যেন সততা ও নিষ্ঠার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্পিত দায়িত্ব পালন করতে পারেন।

