আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে সোমবার সকাল থেকে মোবাইল ব্যবসায়ীরা কঠোর অবস্থান নেন। ‘বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি’ এর উদ্যোগে শত শত ব্যবসায়ী ভবন ঘেরাও করে চেয়ারম্যানসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের ভবনের ভিতরে আটকে রাখেন।
অবস্থানকারীরা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল এবং মোবাইল ফোন আমদানি উন্মুক্ত করার দাবিতে মুখর হয়েছেন। তাদের অভিযোগ, নতুন নিয়মে একটি বিশেষ গোষ্ঠী সুবিধা পাবেন, লাখো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন এবং গ্রাহকের জন্য মোবাইলের দাম বাড়বে।
বিক্ষোভ চলাকালীন আগারগাঁও মোড় থেকে বিটিআরসি ভবন পর্যন্ত অন্তত চার জায়গায় আগুন জ্বালানো হয়। সড়ক বন্ধ থাকায় রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। তেজগাঁও ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার জাকির হোসেন জানান, ডাইভারশন ব্যবস্থা নেওয়া হলেও সড়কে চাপ রয়েছে।
এর আগে ৩০ নভেম্বর পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন শপিং মলের মোবাইল ব্যবসায়ীরা মানববন্ধন করেছিলেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থা কার্যকর হবে, যা নিবন্ধনবিহীন বা অনুমোদনবিহীন মোবাইল ব্যবহার বন্ধ করবে। ব্যবসায়ীরা এই বাস্তবায়নের ঠিক আগেই আন্দোলনে নেমেছেন।

ডেস্ক রিপোর্ট 



















