আর্জেন্টিনা জিতেছে, কিন্তু ম্যাচের পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মাঠের বাইরের এক রহস্যময় মুহূর্ত নিয়ে। রেফারিং বিতর্কের উত্তাপে এবার আলোচনায় এসেছে মিশরের কোচ হোসাম হাসানের দেখানো ‘এক্স’ সংকেত।
ম্যাচের শেষ দিকে টাচলাইনে লিওনেল মেসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় দুই হাত আড়াআড়ি করে ‘এক্স’ চিহ্ন তৈরি করেন হাসান। ২০২৪ সালে ফিফা চালু করা ‘নো রেসিজম’ প্রটোকল অনুযায়ী, বর্ণবাদী আচরণের অভিযোগ জানাতে এই সংকেত ব্যবহার করা হয়। তবে হাসান ঠিক কাকে উদ্দেশ্য করে এই সংকেত দেখিয়েছিলেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি ফিফা কিংবা মিশর দল।
ঘটনার পরপরই হাসানকে হলুদ কার্ড দেখান ম্যাচের রেফারি। অথচ ফিফার নির্দেশিকায় এই সংকেত দেওয়ার কারণে হলুদ কার্ড দেওয়ার কোনো বিধান নেই। তাই কেন তাকে সতর্ক করা হলো, সেটিও নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
এর আগেই ম্যাচে মিশরের একটি গোল বাতিল, পেনাল্টি না দেওয়া এবং একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে দলটি। ম্যাচ শেষে হোসাম হাসান দাবি করেন, তার দল ‘অবিচারের শিকার’ হয়েছে। এমনকি আর্জেন্টিনা ও মেসিকে টুর্নামেন্টে এগিয়ে নেওয়ার চেষ্টা থাকতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। বিদায় নেওয়ার পর ক্ষুব্ধ এই কোচ ঘোষণা দিয়েছেন, এবারের বিশ্বকাপের আর কোনো ম্যাচ তিনি দেখবেন না।
ফলে ৩-২ ব্যবধানে আর্জেন্টিনার জয় যতটা না ফুটবলের জন্য, তার চেয়ে বেশি আলোচনায় এখন রেফারিং বিতর্ক, ‘এক্স’ সংকেত এবং হোসাম হাসানের বিস্ফোরক অভিযোগ।

ডেস্ক রিপোর্ট 





















