গণঅভ্যুত্থান হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, বরং দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সাদা দল’ আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও দ্বিতীয় বর্ষ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থান নিউটনের আপেলের মতো আপনা-আপনি এসে পড়েনি। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এটি অর্জন করতে হয়েছে। মাত্র ৩৬ দিনের আন্দোলনের মধ্যে ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের কোনো ভূমিকা নেই—এমন দাবি রাজনৈতিক অপরিপক্বতার পরিচয় বলেও মন্তব্য করেন তিনি।
নতুন রাজনৈতিক শক্তির উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনীতির মাঠ সহজ নয়। নতুনদের আরও শিখতে হবে এবং দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। পুরোনো ধারার রাজনীতি কিংবা চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর চলবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনে যারা দীর্ঘদিনের সহযাত্রী ছিলেন, তাদের ভূমিকা অস্বীকার করা যাবে না। সংসদে বিতর্ক ও রাজপথে রাজনৈতিক কর্মকাণ্ড—সবই গণতান্ত্রিক চর্চার অংশ। তবে এমন কোনো রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সুযোগ তৈরি হয়।
জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্বকে কেউ রাজনৈতিকভাবে ব্যবহার করে নতুন দল গঠন করতে চাইলে তা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার দাবি, চেতনা বিক্রির রাজনীতি অতীতেও ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও তা সফল হবে না।
শেখ হাসিনার প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, একাত্তরের চেতনার রাজনীতি করতে করতে শেখ হাসিনা এখন দিল্লিতে অবস্থান করছেন। আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক পরিণতি নিয়েও তিনি মন্তব্য করেন।

