ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, দেশের ময়দানে আগের তুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংখ্যা কমেছে।
আজ (৮ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের সদর দফতরে নতুন ২০টি গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, “একবার মিছিল থেকে ২৪৪ জনকে হাতেনাতে ধরা হয়েছিল। এরপর থেকে সংখ্যাটি অনেক কমে এসেছে। সবার সহযোগিতা থাকলে এটি আরও কমে আসবে। দেশের জনগণ নির্বাচনে সক্রিয় হলে অপরাধও কমে যাবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “নির্বাচনে ইলেকশন কমিশন প্রথমে কাজ করে, এরপর প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। তবে সবচেয়ে বড় অংশগ্রহণকারী হলো জনগণ। তারা যদি নির্বাচনে সক্রিয় থাকে, তাহলে কেউ বাধা দিতে পারবে না।”
তিনি জানান, পুলিশ বাহিনীর যানবাহনের স্বল্পতা বহুদিনের। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ২০০টি নতুন গাড়ি ক্রয় করা হয়েছে, যার মধ্যে আজ ২০টি গাড়ি ডিএমপিতে হস্তান্তর করা হলো।

