ভারতের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ রাধা দত্ত দাবি করেছেন, বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখছে ভারত সরকার। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারত নতুনভাবে ভাবছে এবং আগের অবস্থান থেকে কিছুটা সরে গেছে।

ভারতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার ও অভ্যুত্থন নিয়ে নিজের মতো বক্তব্য দিচ্ছেন, যা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ সরকারের একাধিক অনুরোধ সত্ত্বেও ভারতের পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি।

দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ রাধা দত্ত মনে করেন, শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী বক্তব্য দেওয়ার বিষয়ে ভারতের পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। ভারতের নিরাপত্তা ঝুঁকি না হবে এমন নিশ্চয়তা দেওয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

সাবেক রাষ্ট্রদূত আব্দুল হাই বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফেরত দেওয়ার সিদ্ধান্ত ভবিষ্যতের নির্বাচিত সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের ওপর নির্ভর করবে।