পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে আগামী শুক্রবার (১০ অক্টোবর) দেশব্যাপী গণমিছিল এবং রবিবার (১২ অক্টোবর) সব জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হবে।

বুধবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে এসব কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, “আমরা বরাবরই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত পরিবেশে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার যদি জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা গণদাবি উপেক্ষা করে, তবে জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন আরও জোরদার করতে বাধ্য হবে।”

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “দ্বিতীয় দফায় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১০ অক্টোবর রাজধানী ঢাকা মহানগরীসহ দেশের সকল বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর সকল জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করা হবে। দুই কর্মসূচি ব্যাপকভাবে সফল করে জুলাই জাতীয় সনদের আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা গণদাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করার আহ্বান জানাচ্ছি।”