সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দশম গ্রেডে বেতন-ভাতাসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সহকারী শিক্ষকদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে শিক্ষকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের দাবি পূরণের জন্য রাজপথে নেমেছেন। তাদের ওপর পুলিশের হামলার আমি তীব্র নিন্দা জানাই। শিক্ষকদের দাবির ন্যায্য সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষকদের পাশে থাকবো—ইনশাল্লাহ।”
এর আগে, দশম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালানোরও ঘোষণা দিয়েছেন সহকারী শিক্ষকরা।
প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন।
অভিভাবকরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া বার্ষিক পরীক্ষার সময়ে শিক্ষকদের আন্দোলন ও কর্মবিরতির কারণে শিক্ষার্থীরা পিছিয়ে পড়তে পারে।

ডেস্ক রিপোর্ট 

























