দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ে আগামীকাল রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক শিক্ষকরা। শনিবার (৮ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে এ ঘোষণা দেন তারা।
এর আগে, বিকেলে শাহবাগে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন শিক্ষক আহত হন।
ঘটনার পর শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমবেত হন এবং সেখান থেকে সারাদেশব্যাপী কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেন।
শিক্ষক নেতারা অভিযোগ করেন, বিনা উস্কানিতে পুলিশ তাদের ওপর হামলা চালিয়েছে। হামলায় জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে বিচার দাবি করেন তারা। একই সঙ্গে তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

