সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়ায় এক বৃদ্ধা ভিক্ষুকের কাছ থেকে দুই বস্তা টাকা উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে পাইওনিয়ার কেজি অ্যান্ড হাই স্কুলের পেছনে স্থানীয়দের উপস্থিতিতে টাকা গণনা শুরু হয়, যা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬৫ বছর বয়সী মোছা. সালেয়া বেগম চার দশকেরও বেশি সময় ধরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। তিনি সিরাজগঞ্জ কওমি জুট মিলের বারান্দায় দীর্ঘদিন ধরে বসবাস করতেন এবং নিজের প্রয়োজনেও খুব কম খরচ করতেন।

তার মেয়ে মোছা. শাপলা খাতুন জানান, “মা আমাদের সঙ্গে থাকতেন না, একাই থাকতেন। আজ তার থাকার জায়গা থেকে অনেক টাকা পাওয়া গেছে। এখন আমি মায়ের কাছে আছি, এই টাকা দিয়েই তার চিকিৎসা করানো হবে।”

জামাতা মো. শহিদুল ইসলাম বলেন, “তিনি অসুস্থ ছিলেন, কিন্তু কখনো বলেননি কত টাকা আছে। আজ এলাকাবাসী গিয়ে তার বারান্দার নিচ থেকে টাকা উদ্ধার করেছে।”

স্থানীয় যুবক শুভ জানান, “রিকশায় করে যখন দুই বস্তা টাকা আনা হয়, আমরা সবাই হতবাক হয়ে যাই। প্রায় ৪০ বছর ধরে ভিক্ষা করে এত টাকা জমিয়েছেন তিনি!”

এলাকাবাসীর ধারণা, সালেয়া বেগমের সঞ্চিত টাকার কিছু অংশ নষ্ট হয়ে গেছে। বর্তমানে টাকা গোনা হচ্ছে এবং তার চিকিৎসার জন্য ব্যয় করার বিষয়ে স্থানীয়রা একমত হয়েছেন।