জুলাইয়ের গণঅভ্যুত্থান থেকে উদ্ভূত ছাত্রনেতাদের দল এনসিপিকে ভোটের মাঠে পাশে পেতে চায় বিএনপি। আলোচনা চললেও এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি বলে জানিয়েছেন উভয় দলের নেতারা। বিএনপি চাইছে, এনসিপিকে অন্তত জামায়াতের সঙ্গে যেতে না দেয়।

অন্যদিকে জামায়াতে ইসলামী এনসিপির সঙ্গে সরাসরি জোট না হলেও নির্বাচনী সমঝোতার চেষ্টা করছে। এনসিপি সূত্রে জানা গেছে, জামায়াত প্রত্যাশিত আসন ছাড় ও নির্বাচনী সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তবে ডানপন্থি ‘ট্যাগের’ আশঙ্কায় এনসিপি এখনো সিদ্ধান্তহীনতায়। বিএনপির দিকেও চাওয়া আসন ছাড় না পাওয়ায় তাদের মধ্যেও অনিশ্চয়তা রয়ে গেছে।

দলীয় সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপি–বিএনপি ঐক্যের পক্ষে। এমনকি ঐক্য না হলে তাঁদের একজন ঢাকায় বিএনপির প্রতীকে প্রার্থী হতে পারেন বলেও জানা গেছে।

অন্যদিকে জামায়াতের দাবি, ওই দুই উপদেষ্টাই এনসিপি–জামায়াত সমঝোতার প্রধান বাধা। তাঁদের কারণেই জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবিতে জামায়াতের যুগপৎ আন্দোলনে এখনো যোগ দেয়নি এনসিপি।