নিজ দেশের নাগরিকদের আবাসন সংকট মোকাবিলায় কানাডা এখনো বহাল রেখেছে বিদেশিদের বাড়ি কেনার ওপর নিষেধাজ্ঞা। ২০২৩ সালে জারি হওয়া এই আইন সম্প্রতি আরও কঠোরভাবে কার্যকর হচ্ছে। অটোয়া কর্তৃপক্ষ জানিয়েছে, নিষেধাজ্ঞা শুধু শহরাঞ্চলের আবাসিক বাড়িগুলোর জন্য প্রযোজ্য হবে, তবে গ্রীষ্মকালীন কটেজ বা বিনোদনমূলক সম্পত্তি এর বাইরে থাকবে।

বাড়ির মূল্য নাগালের বাইরে চলে যাওয়ায় অনেক কানাডিয়ান বাড়ি কিনতে পারছিলেন না। এ অবস্থায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রথমে দুই বছরের জন্য এই পদক্ষেপ নেন, যার মেয়াদ এখন বাড়ানো হয়েছে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। লিবারেল পার্টির মতে, “বাড়ি মানুষের থাকার জন্য, বিনিয়োগকারীদের মুনাফার জন্য নয়।”

তবে এ নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ থেকে অবৈধ অর্থে কানাডায় বাড়ি কেনা কঠিন হয়ে পড়লেও অর্থ পাচার বন্ধ হয়নি। ফিনট্যারক (FINTRAC)-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে ১ হাজার ৩৮০ কোটি টাকা গেছে কানাডায়। এর মধ্যে মাত্র ২৮ কোটি টাকা বৈধ পথে পাঠানো হয়েছে, মূলত শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ। বাকিটা সন্দেহজনক লেনদেন।

সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান এ এফ এম শাহীনুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগে নতুন তথ্য মিলেছে। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অনুসন্ধানে দেখা গেছে, তিনি ব্যাংক, ক্রেডিট কার্ড ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কোটি কোটি টাকার গোপন লেনদেন করেছেন। তার মেয়ে নোভা ইসলামের কাছে কানাডায় পাঠানো অর্থের পরিমাণ ১ কোটি ১০ লাখ টাকারও বেশি, যদিও তিনি দাবি করেছিলেন মাত্র ১০ লাখ টাকা পাঠিয়েছেন।

শাহীনুল ইসলামের নামে বিভিন্ন ব্যাংকে থাকা হিসাবে ২০১৮-১৯ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত কয়েক কোটি টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে—

  • ২০১৮-১৯: ৩২ লাখ ৬১ হাজার ১২০ টাকা
  • ২০১৯-২০: ৪২ লাখ ৬৯ হাজার ৮৬৫ টাকা
  • ২০২০-২১: ৬৭ লাখ ৪৪ হাজার ৯৫৭ টাকা
  • ২০২১-২২: ১ কোটি ১ লাখ ২৫ হাজার ৪৬৭ টাকা
  • ২০২২-২৩: ৭৩ লাখ ২ হাজার ১০০ টাকা
  • ২০২৩-২৪: ৯৩ লাখ ১৬ হাজার ২৯২ টাকা

এ ছাড়া বিকাশ ও রকেটের মাধ্যমে তার নামে আরও বিপুল অঙ্কের অর্থ লেনদেনের তথ্য মিলেছে, যার কোনো উল্লেখই নেই আয়কর রিটার্নে। তদন্ত কর্মকর্তারা আশঙ্কা করছেন, ব্যাংকিং চ্যানেলের বাইরে হুন্ডি মাধ্যমেও কানাডায় অর্থ পাচার করা হয়েছে, যা তার মেয়ের শিক্ষা খরচের আড়ালে পরিচালিত হয়েছে।