গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, শেখ হাসিনার সঙ্গে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছেন এবং তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তিনি অভিযোগ করেন, ঐকমত্য কমিশনের আলোচনায় এমন ইঙ্গিত পাওয়া গেছে যে, যেন তার দলও শেখ হাসিনার সঙ্গে আপস করেছে।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রাশেদ খান বলেন, “আজকের এই আলোচনা দেখে মনে হচ্ছে আমরাও শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়েছি। বিশেষ করে যেসব দল একসঙ্গে জাতীয় নির্বাচন ও জুলাই সনদের পক্ষে ছিল, তারাই আজ ইউটার্ন করে এখন নির্বাচনের আগে গণভোটের কথা বলছে।”

তিনি আরও বলেন, “আমাদের রাজনীতিবিদদের এই দ্বৈত চরিত্র জনগণ পছন্দ করে না। সকালে এক কথা, বিকালে আরেক কথা— এটা চলতে পারে না।”

রাশেদ খান জানান, ঐকমত্য কমিশনে তিনি স্পষ্ট করে বলেছেন যে, “আমরা যেন গণঅভ্যুত্থানের পর গঠিত ঐকমত্য কমিশনের আগের অবস্থায় ফিরে যাচ্ছি, যেখানে আমাদের এগিয়ে যাওয়ার কথা ছিল।”

তার মতে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ফেব্রুয়ারিতে “সেরা নির্বাচন” হবে, অথচ বিরোধী পক্ষ নিজেদের মধ্যে বিভাজন তৈরি করছে। তিনি সতর্ক করে বলেন, “আরও এক মাস যদি এভাবে আলোচনা চলে, কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে না।”