পাবনা জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এবং পাবনা-৫ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শ্রমিক নেতা এড. শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন—শিমুল বিশ্বাসের ব্যক্তিগত সহকারী এনামুর রহমান, বেড়া উপজেলা বিএনপির সদস্য সচিব রইস উদ্দিন ও মাইক্রোবাস চালক শফিক। তাদের সবাইকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জানান, বিকেলে সুজানগরে বিএনপি মনোনীত প্রার্থী একেএম সেলিম রেজা হাবিবের একটি কর্মসূচিতে অংশ নেন শিমুল বিশ্বাস। সেখান থেকে ফেরার পথে আটঘরিয়ার একদন্ত এলাকায় পাবনা-৪ আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী সভায় যোগ দিতে গেলে তাদের বহনকারী মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় এনামুর রহমান ও রইস উদ্দিন গুরুতর আহত হয়ে হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। শিমুল বিশ্বাস চোখে আঘাত পেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. জাহিদুল ইসলাম জানান, তিনজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। একজন চোখে কাচের আঘাত, একজনের মাথায় ও আরেকজনের হাঁটুতে আঘাত রয়েছে। তাদের চিকিৎসা চলছে।

ডেস্ক রিপোর্ট 






















