এবার আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে বড় দুঃসংবাদ পেয়েছে সুইজারল্যান্ড। দলের অন্যতম ভরসা এবং এবারের আসরে দুর্দান্ত ফর্মে থাকা ২০ বছর বয়সী ফরোয়ার্ড ইয়োহান মানজাম্বি ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারবেন না।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ২০০ মিনিট মাঠে থেকে তিনটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন মানজাম্বি। তাঁর উপস্থিতিতে সুইজারল্যান্ড প্রতি ৯০ মিনিটে গড়ে ৩.৬টি গোল করেছে। অথচ তাঁকে ছাড়া ২৮০ মিনিট খেলেও দলটি মাত্র একটি গোলের দেখা পেয়েছে।
হাঁটুর চোটের কারণে শেষ ষোলোর ম্যাচে কলম্বিয়ার বিপক্ষেও মাঠে নামতে পারেননি মানজাম্বি। একই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় আর্জেন্টিনার বিপক্ষেও তাঁকে পাচ্ছে না সুইসরা।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন বলেন, “দুর্ভাগ্যজনকভাবে মানজাম্বির চোট আমাদের জন্য বড় ধাক্কা। সে অসাধারণ ছন্দে ছিল এবং দারুণ উপভোগ করে খেলছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, এই ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না।

