ফুটবলের মাঠে রাজনীতির কোনো স্থান নেই—এমন কথাই বারবার বলা হয়। কিন্তু বাস্তবতা বলছে, ইতিহাসের কিছু ক্ষত আজও পুরোপুরি মুছে যায়নি।

ফকল্যান্ড যুদ্ধের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধের কারণে ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার কোনো ম্যাচে ইংল্যান্ডের রেফারিদের দায়িত্ব দিচ্ছে না ফিফা। নিরপেক্ষতা নিশ্চিত করা এবং সম্ভাব্য বিতর্ক এড়াতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

ফলে বিশ্বের অন্যতম সেরা দুই ইংলিশ রেফারি অ্যান্থনি টেইলর ও মাইকেল অলিভার—দুজনই আর্জেন্টিনার কোনো ম্যাচ পরিচালনা করতে পারবেন না। শুধু এই দুজনই নন, ইংল্যান্ডের অন্য ম্যাচ কর্মকর্তারাও আর্জেন্টিনার খেলায় দায়িত্ব পাচ্ছেন না।

এর পেছনে রয়েছে ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ। দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের সেই সংঘাত আজও দুই দেশের সম্পর্কে সংবেদনশীল একটি অধ্যায়।

ফিফা মনে করছে, এমন ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে ইংলিশ রেফারি নিয়োগ দিলে ম্যাচের সিদ্ধান্ত নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হতে পারে। তাই মাঠের নিরপেক্ষতা ও টুর্নামেন্টের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতেই এই সতর্ক অবস্থান নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।