সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনীতি লুট করে শূন্যের কোঠায় নিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, আগের সরকারগুলোতে জনপ্রতিনিধিরা শাসকের ভূমিকায় ছিলেন। তবে বর্তমান সরকার শাসক নয়, জনগণের সেবক হিসেবে কাজ করবে।
তিনি দাবি করেন, সরকার যখন দায়িত্ব নেয়, তখন দেশের অর্থনীতি ছিল শূন্যের কোঠায়। প্রায় ১৮ মাসেও ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অর্থনীতির অবস্থার উল্লেখযোগ্য উন্নতি করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
আহমেদ আযম খান বলেন, ‘এমন একটি অবস্থায় আমরা সরকার গঠন করেছি। তারপরও প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছেন।’
তিনি জানান, নিম্নআয়ের পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে কার্ড বিতরণের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও জনবল নিয়োগের কাজ এগিয়ে চলছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হবে বলেও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, কৃষকদের জন্য কৃষক কার্ড এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য কার্ড দেওয়ার কার্যক্রমও শুরু হয়েছে। পাশাপাশি কমিউনিটি ক্লিনিকগুলো সচল করা এবং প্রয়োজন অনুযায়ী নতুন কমিউনিটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তার ভাষ্য, এর ফলে গ্রামাঞ্চলের মানুষকে ছোটখাটো অসুস্থতার চিকিৎসার জন্য দূরের শহরে ছুটতে হবে না; স্থানীয় পর্যায়েই প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে আইসড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সৈয়দ মজিবর রহমানের সভাপতিত্বে স্থানীয় প্রশাসন ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 

























