ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং—‘র’-এর প্রধান পরাগ জৈনের ঢাকা সফর নিয়ে জল্পনার কোনো কারণ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এর আগে বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর—ডিজিএফআইয়ের আমন্ত্রণে রোববার বিকেলে চার সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে নয়াদিল্লি থেকে ঢাকায় আসেন পরাগ জৈন।

তার সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।

কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, এটি দুই দেশের গোয়েন্দা সংস্থার নিয়মিত যোগাযোগের অংশ। বাংলাদেশের ডিজিএফআই কর্মকর্তারা যেমন বিভিন্ন সময়ে ভারত সফর করেন, তেমনি ভারতের ‘র’-এর কর্মকর্তারাও নিয়মিত বাংলাদেশে আসেন।

এসব সফরে দুই দেশের নিরাপত্তা পরিস্থিতি, আঞ্চলিক বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে নিজেদের পর্যবেক্ষণ ও মতামত বিনিময় করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরাগ জৈন ‘র’-এর প্রধানের পাশাপাশি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপ—এসপিজির বিশেষ সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এদিকে, ঢাকায় আসার আগে ‘র’ প্রধান পরাগ জৈন চীন সফর করেছেন বলেও জানা গেছে। ফলে তার বাংলাদেশ সফর ঘিরে নানা আলোচনা তৈরি হলেও, সরকারের পক্ষ থেকে এটিকে স্বাভাবিক ও নিয়মিত সফর হিসেবেই উল্লেখ করা হয়েছে।