ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসন ভাগাভাগি নিয়ে বিএনপি ইতোমধ্যেই মিত্রদের সঙ্গে আলোচনা শুরু করেছে। যুগপৎ আন্দোলনে যুক্ত মিত্ররা ২১৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা দিয়েছে। তবে এবার জামায়াতে ইসলামের সঙ্গে কোনো জোট বা সমঝোতা করবে না দলটি।
মিত্র দলের নেতাদের নিজের আসনে জনপ্রিয়তা যাচাই করতে মাঠে বিভিন্ন দলীয় টিম কাজ করছে। একাদশ জাতীয় নির্বাচনের সময় শরিকদের যে আসনগুলো ছাড় দেওয়া হয়েছিল, তার বেশির ভাগ এবারও দেওয়া হতে পারে। কিছু ক্ষেত্রে বিএনপির হাইকমান্ড ইতোমধ্যে মৌখিকভাবে স্থানীয় নেতাদের কাজ করার ‘সবুজ সংকেত’ দিয়েছে।
২০১৮ সালের নির্বাচনে বিএনপি মিত্রদের ৫৮টি আসন ছাড় দিয়েছিল—জামায়াত ইসলামিকে ২২টি এবং অন্যান্য মিত্রকে ৩৬টি। এবারের আসন ছাড়ের সংখ্যা চলতি মাসেই চূড়ান্ত করা হবে এবং পরবর্তী সময়ে প্রার্থী মনোনয়নের আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “সংসদ নির্বাচনে মিত্রদের কত আসন দেওয়া হবে, তা আলোচনা ও বাস্তব সম্ভাবনার ভিত্তিতে নির্ধারণ করা হবে। আমরা এমন আসনে প্রার্থী দেব যেখানে জয়লাভের বাস্তব সুযোগ আছে।”

