জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, জনগণের পক্ষে গণঅভুত্থানে পাওয়া দায়িত্ব সঠিকভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে উপদেষ্টারা নিরাপদভাবে পদত্যাগ করতে পারেন। তিনি বলেন, শুধু ক্ষমতা হস্তান্তর করলেই দায়মুক্তি সম্ভব নয়।
শনিবার রংপুর নগরীর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ আবু সাঈদ চত্বরে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, যারা জুলাই আন্দোলনে জনগণের পাশে ছিলেন, তাদের সাধুবাদ জানানো প্রয়োজন, আর যারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন তাদের দ্রুত গ্রেফতার করতে হবে।
আখতার হোসেন বলেন, উপদেষ্টা পরিষদের উদ্দেশ্য যদি শুধুই পলায়ন এবং ‘সেফ এক্সিট’ নেওয়া হয়, তবে তা যথাযথভাবে দায়িত্ব পালন না করা পর্যন্ত কার্যকর হবে না। তিনি জুলাই সনদ বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রশাসন ও বিচার প্রক্রিয়াকে নিরপেক্ষ করার গুরুত্বও উল্লেখ করেন।
জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো রাজনৈতিক জোট গঠনের বিষয়ে তিনি বলেন, এনসিপি বর্তমানে স্বতন্ত্রভাবে প্রস্তুত, তবে দেশের স্বার্থ ও আদর্শিক কারণে প্রয়োজন হলে জোটের জন্যও তারা প্রস্তুত।

