ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে দেশে ফিরে আত্মসমর্পণ করতে পারবেন না। তাঁকে বাংলাদেশে আনতে হলে ভারত সরকারকেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করতে হবে—এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের আশ্রয়ে নির্বাসনে রয়েছেন। তাই স্বাধীনভাবে দেশে এসে আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। তাঁকে দণ্ডিত ব্যক্তি হিসেবে গ্রেপ্তার অবস্থায় ভারত সরকারের মাধ্যমেই বাংলাদেশে পাঠাতে হবে।
এর আগে, ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের শেখ হাসিনার ঘোষণার প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর বলেছিলেন, "ডিসেম্বরে নয়, তাঁকে এখনই প্রয়োজন।" একই সঙ্গে তিনি এ বিষয়ে কোনো ধরনের রাজনৈতিক ‘স্ট্যান্টবাজি’ না করার আহ্বান জানান।
উল্লেখ্য, সম্প্রতি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেন, তিনি আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। তাঁর সঙ্গে নির্বাসিত আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতাও দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

