আন্তর্জাতিক মুদ্রা তহবিল—আইএমএফের সঙ্গে আগের ঋণ কর্মসূচি থেকে সরে এসে নতুন কর্মসূচিতে এগোচ্ছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নতুন এই কর্মসূচিতে দেশের স্বার্থ ও জনগণের কল্যাণকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
রোববার সচিবালয়ে আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, আগের সরকারের সময়ে নেওয়া ঋণ কর্মসূচি জনগণের স্বার্থ যথাযথভাবে রক্ষা করতে পারেনি। তাই নতুন কাঠামোয় আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে।
অর্থমন্ত্রী জানান, বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য নতুন ঋণ কর্মসূচি চূড়ান্ত করা। আগের কর্মসূচির ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় নিয়ে সরকারের কোনো উদ্বেগ নেই।
উল্লেখ্য, ডলার সংকট মোকাবিলা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে ২০২৩ সালে বাংলাদেশ আইএমএফের ঋণ কর্মসূচিতে যুক্ত হয়। পরে এর আকার বাড়িয়ে ৫৫০ কোটি মার্কিন ডলারে উন্নীত করা হয়। এ পর্যন্ত পাঁচ কিস্তিতে বাংলাদেশ পেয়েছে ৩৬৪ কোটি ডলার।
এদিকে, আইএমএফের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে ঢাকা সফর করছে। তাদের মূল্যায়ন প্রতিবেদন ইতিবাচক হলে আগামী অক্টোবরে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার পর নতুন ঋণ কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে পারে।

