টানা ভারী বৃষ্টিতে রাজধানীর নয়াপল্টনে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এর প্রভাব পড়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও। সড়কের পাশাপাশি কার্যালয়ের নিচতলায়ও হাঁটুসমান পানি জমে গেছে।

রোববার সরেজমিনে দেখা যায়, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের পুরো সড়ক পানিতে তলিয়ে গেছে। ঘোলাটে পানিতে রাস্তা ও ফুটপাতের পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়েছে। ফলে রিকশাসহ বিভিন্ন যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে। আশপাশের দোকানপাট ও ভবনের নিচতলাতেও পানি ঢুকে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, টানা বৃষ্টির পাশাপাশি দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণেই এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এদিকে, পানি কার্যালয়ের ভেতরেও প্রবেশ করায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। জলাবদ্ধতার কারণে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে রিকশায় করে কার্যালয় ত্যাগ করতে দেখা যায়।

রাজধানীতে টানা বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হলেও, রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ও পানির নিচে চলে যাওয়ার এই দৃশ্য নগরীর জলাবদ্ধতা সমস্যাকে আবারও সামনে নিয়ে এসেছে।