রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে দলটির একাধিক সূত্র। তবে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়।
ইতোমধ্যে নির্বাচন কমিশন থেকে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। একই ব্যক্তির নামে একাধিক মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকায় এটিকে অস্বাভাবিক বিষয় হিসেবে দেখছে না ইসি।
বিএনপির দায়িত্বশীল এক নেতা জানিয়েছেন, দলের স্থায়ী কমিটি রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের দায়িত্ব চেয়ারম্যান তারেক রহমানের ওপর দিয়েছে। তাই আগেভাগে প্রার্থীর নাম ঘোষণা করা হচ্ছে না। বৃহস্পতিবার (১৩ আগস্ট) মনোনয়নপত্র দাখিলের সময়ই বিষয়টি আনুষ্ঠানিকভাবে পরিষ্কার হবে।
ইসির তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ভোটগ্রহণ হবে ২০ আগস্ট।
এদিকে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করা হয়েছে।
বিএনপির সূত্রগুলো বলছে, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে মির্জা ফখরুলের মনোনয়ন চূড়ান্ত করেছেন। রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে প্রয়োজনীয় সম্মতিসূচক স্বাক্ষরও তিনি করেছেন বলে জানা গেছে।
এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় পদটি শূন্য হয়। এরপর থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
বিএনপির মহাসচিব হিসেবে দীর্ঘদিন দলের নেতৃত্বে থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০০১ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময় তিনি খালেদা জিয়ার মন্ত্রিসভায় কৃষি প্রতিমন্ত্রী এবং পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
২০০৯ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হন মির্জা ফখরুল। ২০১১ সালে খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর তাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়। পরে ২০১৬ সালের জাতীয় কাউন্সিলে তিনি বিএনপির মহাসচিব নির্বাচিত হন। বর্তমানে সেই দায়িত্বেই রয়েছেন তিনি।

ডেস্ক রিপোর্ট 























