বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি বলছে, দেশের ক্রমবর্ধমান জনদুর্ভোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, রোহিঙ্গা সংকট, সীমান্ত নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ সংকটগুলো কার্যকরভাবে মোকাবিলা না করে সরকার ভুল অগ্রাধিকারের পথে হাঁটছে।
জনগণের মৌলিক সমস্যা সমাধান ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনায় সরকারকে আরো দায়িত্বশীল, কার্যকর ও জনমুখী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে দলটি।
আজ শনিবার বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় মিটিংয়ে এই আহবান জানানো হয়। রাজধানীর পল্টনে দলের ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ূম সোবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, সিনিয়র নায়েবে আমির মাওলানা আতাহার আলী, সহকারী মহাসচিব ডা. ইলিয়াস খান, ঢাকা মহানগর দক্ষিণের আমির আনোয়ার কবিরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সভায় নেজামে ইসলাম পার্টির নেতারা বলেন, দেশের সাধারণ মানুষ আজ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে চরম ভোগান্তির শিকার। কর্মসংস্থান, জীবনযাত্রার ব্যয়, জননিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। অথচ এসব মৌলিক সংকটের দৃশ্যমান ও টেকসই সমাধানের পরিবর্তে সরকার এমন কিছু উদ্যোগে মনোযোগ দিচ্ছে, যা জনজীবনের তাৎক্ষণিক সংকট নিরসনে কোনো ভূমিকা রাখে না। জনগণের দুঃখ-দুর্দশাকে পাশ কাটিয়ে রাষ্ট্রের অগ্রাধিকার নির্ধারণ করা হলে তা জনআকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠতে পারে।

ডেস্ক রিপোর্ট 


















