উন্নয়নের পথচলায় জনগণের সমর্থনই সবচেয়ে বড় শক্তি—এমন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশজুড়ে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
সোমবার বরিশালের গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, জনগণ পাশে থাকলে দেশের উন্নয়নে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না।
তিনি জানান, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে সরকার। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি খাল-বিল সংরক্ষণসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সবার সম্মিলিত সহযোগিতাও কামনা করেন তিনি।
একদিনের বরিশাল সফরে ভোরে সড়কপথে রাজধানী থেকে রওনা দেন প্রধানমন্ত্রী। পথে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ তাকে স্বাগত জানান।
পরে স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী জানান, আগামী এক বছরের মধ্যে আরও ৪১ লাখ মানুষকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।
বক্তব্যের শেষদিকে তিনি বলেন, সব ধরনের বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই কাজ করছে বর্তমান সরকার। পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করেই সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

ডেস্ক রিপোর্ট 





















