কক্সবাজারের কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলার থেকে চার জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) রাতে ট্রলারের কেবিন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে নাছির উদ্দীন (২০), আবুল কাশেমের ছেলে মো. করিম (২১), আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২০), কুতুবদিয়ার আলী আকবর ডেইল হায়দারপাড়ার কামাল হোসেন। (৪৮)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালীর নুরুল আবছারের মালিকানাধীন এফবি ফকিরা মসজিদ নামে ফিশিং ট্রলার করে মাছ ধরতে যায় জেলেরা। পরে সোমবার ভোরে সাগরে ট্রলারটি বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। এ সময় বিভিন্নভাবে সাতরে ৭ জেলে ফিরে আসে। তাদের কাছ থেকে খবর পেয়ে অন্য ফিশিং ট্রলার নিয়ে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে সাগরে ডুবন্ত অবস্থায় ট্রলারটি পাওয়া যায়। পরে টেনে রাত ৮টার দিকে ট্রলারটি আমজাখালী ঘাটে নিয়ে আসা হয়। এরপর ট্রলারের কেবিন থেকে আটকানো অবস্থায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাতে কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ বলেন, রোববার সন্ধ্যায় স্থানীয় নুরুল আবছারের মালিকানাধীন একটি ট্রলার ১২ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোরে ট্রলারটি বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। এ সময় ৭ জেলে নানাভাবে জীবিত উদ্ধার হলেও পাঁচ জেলে নিখোঁজ ছিল। পরবর্তীতে সন্ধ্যায় চারজনের মরদেহ ওই ট্রলার থেকে উদ্ধার করা হয়।

ডেস্ক রিপোর্ট 
























