মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে বড় লাফ দিয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা এবং হরমুজ প্রণালিতে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার আশঙ্কায় একদিনেই চার শতাংশের বেশি বেড়েছে তেলের দাম।
বাজার বিশ্লেষণ অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি বেড়ে দাঁড়িয়েছে ৭৯ দশমিক ১১ ডলার। আর যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের দাম পৌঁছেছে ৭৪ দশমিক ৩৬ ডলারে।
যুক্তরাষ্ট্রের দাবি, তারা ইরানের ভেতরে একাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে, তারা কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। তবে উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য পাওয়া যায়নি।
এদিকে, বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি ঘিরেও উদ্বেগ বেড়েছে। জাহাজ চলাচল কমে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, পরিস্থিতি আরও জটিল হলে তেলের দাম আরও বাড়তে পারে। তবে সংঘাত নিয়ন্ত্রণে এলে বাজারও দ্রুত স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।

ডেস্ক রিপোর্ট 























