টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল আর উজান থেকে নেমে আসা বন্যার পানিতে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে প্রাণিসম্পদ খাত। সরকারি প্রাথমিক হিসাবে, বন্যায় মারা গেছে ১ লাখ ১২ হাজার ৮২৭টি গবাদিপশু ও হাঁস-মুরগি। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩০ কোটি ১৫ লাখ টাকা।
বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃত প্রাণীর মধ্যে রয়েছে ৪৬টি গরু, ১২৩টি ছাগল, ৪০টি ভেড়া, ১ লাখ ১১ হাজারের বেশি মুরগি এবং দেড় হাজারের বেশি হাঁস। শুধু প্রাণীর মৃত্যুতেই আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।
এদিকে বন্যার পানিতে নষ্ট হয়েছে প্রায় ১৮ হাজার ৫০০ টন খড়, ঘাস ও দানাদার পশুখাদ্য। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৩টি প্রাণিসম্পদ অফিস, প্লাবিত হয়েছে ২ হাজারের বেশি একর চারণভূমি এবং ক্ষতির মুখে পড়েছে অন্তত ৬৫টি খামার।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চট্টগ্রাম জেলায়। এরপর রয়েছে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি।
তবে প্রাণিসম্পদ কর্মকর্তারা বলছেন, এটি কেবল প্রাথমিক হিসাব। বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার পর মাঠ পর্যায়ের চূড়ান্ত মূল্যায়নে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। ক্ষতিগ্রস্ত খামারিদের পুনর্বাসন এবং জরুরি পশুখাদ্য সহায়তায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ডেস্ক রিপোর্ট 























