গণভোটের রায় কার্যকর হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টি—এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমেদের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়ে এ মন্তব্য করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, গণভোটের রায় অনুযায়ী সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত দেওয়ার সুযোগ থাকলে কর্নেল অলি বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন। একই সঙ্গে গণভোটের রায় কার্যকর করলে বিএনপিও বিতর্কমুক্ত থাকতে পারত বলে মন্তব্য করেন তিনি।
হামিদুর রহমান আযাদ বলেন, এবারের রাষ্ট্রপতি নির্বাচন ব্যতিক্রম। সাধারণত সংসদে সংখ্যাগরিষ্ঠ দলই রাষ্ট্রপতি পদে প্রার্থী দিয়ে থাকে। তবে এবার ১১ দল ঐক্যবদ্ধভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্রচর্চায় নতুন ধারা তৈরির লক্ষ্যেই ১১ দলীয় জোট থেকে প্রার্থী দেওয়া হয়েছে। এই নির্বাচনে জয়-পরাজয় তাদের কাছে মুখ্য নয়, বরং প্রতিদ্বন্দ্বিতাই মূল লক্ষ্য।
এ সময় সচিবালয়ে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বৈঠক আয়োজনেরও সমালোচনা করেন জামায়াতের এই নেতা। তিনি দাবি করেন, বিএনপি নানা কৌশলে সংসদে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে।

ডেস্ক রিপোর্ট 























