সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে এবার আরও একটি হত্যা মামলায় শোন অ্যারেস্টের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর দুই দফা শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালে যশোরে জামায়াতকর্মী শহিদুল ইসলাম হত্যা মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি ২০২৪ সালে সাতক্ষীরা সদর থানায় নথিভুক্ত হয়।
এর আগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার হওয়ার পর অগ্নিসংযোগ, ভাঙচুর ও হত্যা সংশ্লিষ্ট একাধিক মামলাতেও পর্যায়ক্রমে শোন অ্যারেস্ট দেখানো হয় লায়লা পারভীন সেঁজুতিকে।
তার আইনজীবীর দাবি, সর্বশেষ মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরও একের পর এক মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে।
অন্যদিকে, এজাহারে বাদীর অভিযোগ—২০১৫ সালে তার ভাই শহিদুল ইসলামকে বাড়ি থেকে তুলে নিয়ে যশোরে গুলি করে হত্যা করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে লায়লা পারভীন সেঁজুতি বা তার আইনজীবী দলের পক্ষ থেকে আদালতে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ডেস্ক রিপোর্ট 



















