চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বিশেষ এক স্মৃতি বুকে নিয়েই মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টার মার্সিডিজ–বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য মহারণে লিওনেল স্কালোনির দল খেলবে তাদের ঐতিহ্যবাহী বিকল্প নীল জার্সি পরে। অন্যদিকে ইংল্যান্ড থাকবে পরিচিত সাদা হোম কিটে। সোমবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এবং ফিফার প্রতিনিধিদের বৈঠকের পর জার্সির বিষয়টি চূড়ান্ত করা হয়।
এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ফিরে আসছে ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপের সেই অবিস্মরণীয় স্মৃতি। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও নীল জার্সি পরেই খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচেই দিয়েগো ম্যারাডোনা উপহার দিয়েছিলেন ফুটবল ইতিহাসের দুই বহুল আলোচিত মুহূর্ত—’হ্যান্ড অব গড‘ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি‘। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একবার বিকল্প নীল জার্সি ব্যবহার করেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩–১ গোলে হারানোর সময় এই জার্সিতেই মাঠে নেমেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
অন্যদিকে ইংল্যান্ড ছয় ম্যাচের পাঁচটিতে খেলেছে তাদের ঐতিহ্যবাহী সাদা জার্সিতে। শুধু গ্রুপ পর্বে পানামার বিপক্ষে লাল জার্সি ব্যবহার করেছিল থ্রি লায়ন্সরা, যে ম্যাচে তারা ২–০ ব্যবধানে জয় পেয়েছিল। বিশ্বকাপের ইতিহাসে এটি হবে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার চতুর্থ নীল জার্সির ম্যাচ। এর আগে ১৯৬২, ১৯৮৬ ও ১৯৯৮ বিশ্বকাপেও এই রঙের জার্সি পরে মুখোমুখি হয়েছিল দুই দল। তবে ১৯৬৬ ও ২০০২ সালের বিশ্বকাপে আকাশি–সাদা হোম জার্সিতেই খেলেছিল আলবিসেলেস্তেরা।
ফিফার প্রতিযোগিতা বিধিমালা অনুযায়ী নকআউট পর্বে ব্র্যাকেটের উপরের দিকে থাকা দলকে ‘টিম এ‘ হিসেবে ধরা হয় এবং হোম জার্সি ব্যবহারের অগ্রাধিকার থাকে তাদের। এবার সেই মর্যাদা পেয়েছে ইংল্যান্ড। ফলে জার্সির রঙে যথেষ্ট বৈপরীত্য নিশ্চিত করতেই আর্জেন্টিনাকে বেছে নিতে হয়েছে নীল কিট। এখন দেখার বিষয়, ৪০ বছর আগের মতো নীল জার্সি কি আবারও আর্জেন্টিনার জন্য সৌভাগ্যের প্রতীক হয়ে ওঠে, নাকি ইংল্যান্ড ইতিহাসের সেই স্মৃতির নতুন জবাব লিখে ফাইনালের টিকিট নিশ্চিত করে।

ডেস্ক রিপোর্ট 
























