দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে যখন দেশজুড়ে বিতর্ক চলছে, ঠিক সেই সময় জাতীয় সংসদে নিজের অবস্থান তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, কুমিল্লা মহিলা কলেজের একটি কেন্দ্র ছাড়া দেশের প্রায় সব কেন্দ্রেই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে আবহাওয়া অধিদপ্তর, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
শিক্ষামন্ত্রীর ভাষ্য, আবহাওয়া অধিদপ্তর থেকে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস দেওয়া হয়নি। তবে পরদিন কুমিল্লার একটি কেন্দ্রে বন্যা পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিবর্তনের নির্দেশ দেওয়া হয় এবং শিক্ষার্থীদের নৌকায় করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।
এদিকে, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের ভোগান্তির জেরে রাজধানীসহ বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো সাময়িকভাবে স্থগিত থাকলেও অন্য সব বোর্ডের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে।
এ সময় পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্রে ভুলের বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, দ্রুত প্রশ্নপত্র প্রস্তুতের কারণে দুটি প্রশ্নে ত্রুটি হয়েছে, যা অনিচ্ছাকৃত।

ডেস্ক রিপোর্ট 






















