প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানিয়েছেন, নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত করা হবে। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে কমিশনের প্রতিনিধিদলের বৈঠকে তিনি এ তথ্য দেন।
বৈঠকে কমিশনের চেয়ারম্যান বলেন, গত এক দশকে মূল্যস্ফীতি ও জিডিপি বাড়লেও সে অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন বাড়েনি। তাই সময়োপযোগী বেতন কাঠামো নির্ধারণে কমিশন কাজ করছে। পাশাপাশি বিশেষায়িত চাকরির জন্য আলাদা কাঠামো তৈরি, আয়কর বিবেচনায় বেতন নির্ধারণ, ভাতা ও সুবিধাগুলো যৌক্তিকীকরণ, মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়ের প্রক্রিয়া নিরূপণ এবং অবসর-সুবিধা আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, টেলিফোন, গাড়ি, মোবাইল সংক্রান্ত আর্থিক সুবিধা ও রেশন সুবিধা যৌক্তিকীকরণ, বেতন গ্রেড ও ইনক্রিমেন্টের অসঙ্গতি নিরসনসহ একটি বাস্তবসম্মত কাঠামো প্রণয়নে কমিশন কাজ করছে। কমিশনকে ছয় মাস সময় দেওয়া হলেও এর আগেই প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সরকারি কর্মচারীদের বেতন বাড়াতে গঠিত ২৩ সদস্যের ‘জাতীয় বেতন কমিশন ২০২৫’ গত ২৭ জুলাই অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

