৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিসের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা। বিশ্ববিদ্যালয় থেকে রংপুর পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
হাবিপ্রবি শাখার সভাপতি রেজওয়ানুল হক শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে জানান, পরীক্ষার্থীদের জন্য মোট পাঁচটি বাস বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে দুটি শুধুমাত্র নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। রোববার দুপুরে ছাত্রশিবিরের অফিশিয়াল ফেসবুক পেজে রেজিস্ট্রেশনের জন্য একটি গুগল ফরম উন্মুক্ত করা হয়। রেজিস্ট্রেশন ছাড়া কেউ এই সার্ভিস নিতে পারবে না বলে জানানো হয়।
রেজওয়ানুল হক গণমাধ্যমকে বলেন, শিবির সব সময়ই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। পরীক্ষার দিন অনেক সময় বাস সংকটে শিক্ষার্থীরা দেরিতে কেন্দ্রে পৌঁছায়। তাই সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো ও নিরাপদে ফেরার জন্য ফ্রি বাস সার্ভিসের উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় ছাত্রশিবিরের অফিশিয়াল ফেসবুক পেজে একটি গুগল রেজিস্ট্রেশন ফরম উন্মুক্ত করা হয়। রেজিস্ট্রেশন ছাড়া কেউ এই সার্ভিসের আওতায় আসতে পারবে না বলে জানানো হয়েছে।

