মধ্যরাতে ঢাকায় মার্কিন দূতাবাসে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। সোমবার (১৩ অক্টোবর) রাত থেকে দূতাবাস এলাকায় মোতায়েন করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষায়িত সোয়াট টিম ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।

ডিএমপির কর্মকর্তারা জানান, এটি নিয়মিত নিরাপত্তা জোরদার কার্যক্রমের অংশ হলেও এবার তা বিশেষ সতর্কতার সঙ্গে নেওয়া হয়েছে। গুলশান বিভাগের ডিসি আলী আহমেদ মাসুদ বলেন, “নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে এমন আশঙ্কায় দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।”

গোয়েন্দা সূত্র জানায়, সম্ভাব্য হামলার হুমকির বিষয়টি মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ ডিএমপিকে জানালে, দ্রুত পদক্ষেপ নেয় আইনশৃঙ্খলা বাহিনী। এতে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ), ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ, গুলশান বিভাগের কর্মকর্তারা এবং সোয়াট টিম ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করেন।

রাত ৯টার পর থেকেই দূতাবাস ও আশপাশের এলাকায় গড়ে তোলা হয়েছে কড়া নিরাপত্তা বলয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন সর্বোচ্চ সতর্ক অবস্থানে।