নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও ‘আমরা বিএনপি পরিবার’ কমিটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হলে তা ‘ছিনিয়ে নেওয়া হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

সোমবার বিকেলে রায়পুরা পৌরসভা মাঠে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়ন লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

সভায় বক্তারা অভিযোগ করেন, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল দলের ত্যাগী নেতাকর্মীদের প্রতি অবহেলা দেখাচ্ছেন এবং দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে তাঁর কোনো ভূমিকা ছিল না। বক্তাদের অভিযোগ, “যার বিরুদ্ধে একটি মামলাও হয়নি, যিনি একবারও জেলে যাননি, তিনি এখন নিজেকে রায়পুরার প্রার্থী হিসেবে প্রচার করছেন”— যা তৃণমূলে বিভক্তি সৃষ্টি করছে।

তাঁরা আরও বলেন, বকুল দুঃসময়ে তৃণমূলের পাশে ছিলেন না এবং সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের সমর্থকদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। এ সময় বক্তারা বিএনপির হাইকমান্ডের কাছে স্থানীয় ত্যাগী ও যোগ্য নেতাদের মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফাইজুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির সহ-সভাপতি জামাল আহমেদ চৌধুরী, জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূঁইয়া রুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এম এন জামান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, সহ-কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস এবং সদস্য ইফতেখার আহমেদ ভূঁইয়া ইতুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।