অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। নিজের জীবন, অভিজ্ঞতা ও উপলব্ধি নিয়ে প্রায়ই ভক্তদের সঙ্গে ভাবনা শেয়ার করেন তিনি।
সম্প্রতি এক আবেগঘন পোস্টে সম্পর্ক, মানসিক শান্তি ও আত্মসম্মান নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন প্রভা।
পোস্টে তিনি লেখেন, কোনো সম্পর্ক থেকে সরে আসা মানেই কারও প্রতি আশা ছেড়ে দেওয়া নয়; বরং অনেক সময় এটি কঠিন বাস্তবতাকে মেনে নেওয়ার সিদ্ধান্ত। যে সম্পর্ক একসময় জীবনে গুরুত্বপূর্ণ ছিল, সেটিই যদি ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে দেয়, তাহলে সেখান থেকে বেরিয়ে আসাই বুদ্ধিমানের কাজ বলে মনে করেন তিনি।
প্রভা বলেন, ভালোবাসার জন্য কখনো নিজের মানসিক শান্তি, পরিচয় কিংবা সুস্থতা বিসর্জন দেওয়া উচিত নয়। এমন কিছু সম্পর্কও থাকে, যেখানে কাছের মানুষ পাশে থেকেও একাকিত্ব তৈরি করেন। পরিবর্তনের আশায় দীর্ঘদিন চেষ্টা করতে করতে একসময় মানুষ বুঝতে পারে, অন্যকে বদলাতে গিয়ে সে নিজেই হারিয়ে যাচ্ছে।
তিনি আরও লেখেন, জীবন থেকে কিছু মানুষ বা পরিস্থিতি সরিয়ে নেওয়া নির্মমতা নয়; বরং এটি নিজের প্রতি সাহসী সিদ্ধান্ত। মিথ্যা ভান করে সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে সত্যকে মেনে নেওয়া এবং নীরব যন্ত্রণার চেয়ে আত্মসম্মানকে গুরুত্ব দেওয়া জরুরি।
প্রভার ভাষায়, যেখানে প্রতিনিয়ত আঘাত পেতে হয়, সেখানে সুস্থ হয়ে ওঠা সম্ভব নয়। যে পরিবেশ মানুষের মানসিক পরিসর সংকুচিত করে, সেখানে নিজের বিকাশও বাধাগ্রস্ত হয়।
তাই কোনো সম্পর্ক বা পরিস্থিতি থেকে সরে আসাকে পরিত্যাগ হিসেবে না দেখে, নিজের আত্মমর্যাদা ও মানসিক শান্তি ফিরে পাওয়ার পথ হিসেবেই দেখার বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।

ডেস্ক রিপোর্ট 























