টানা পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে এ সময়ের মধ্যে দেশের আবহাওয়ার পরিস্থিতিতে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও দেখা দিতে পারে।
তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে জানানো হয়েছে, সোমবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে। তবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তনের মধ্য দিয়ে প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, বর্ষার শেষ প্রান্তে এসে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়েও দেশের অধিকাংশ স্থানে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক 




















