এবার কুষ্টিয়া–৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে ঝাড়ু মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতা–কর্মীরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া শহরে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড় শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে মহিলা দলের নেত্রীরা মুফতি আমীর হামজার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় এবং রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন।
মহিলা দলের নেতা–কর্মীরা বলেন, একজন নারী জনপ্রতিনিধিকে নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্যের নিন্দা জানিয়ে তারা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানান।
ঝাড়ু মিছিলে উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।

ডেস্ক রিপোর্ট 























