সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি জাতীয় দৈনিকে ‘বাংলাদেশে বিপুল পরিমাণ জাল নোট প্রবেশ করছে’— এমন সংবাদে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে নগদ অর্থ লেনদেনে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত এসব তথ্য জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। আইন অনুযায়ী, জাল নোট তৈরি, বহন বা লেনদেন করা দণ্ডনীয় অপরাধ।
বাংলাদেশ ব্যাংক জানায়, জাল টাকা প্রতিরোধে ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে।
জনগণের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১. নোট গ্রহণের সময় জলছাপ, নিরাপত্তা সুতা, অসমতল ছাপা ও রং পরিবর্তনশীল কালি যাচাই করুন।
২. বড় অঙ্কের লেনদেনে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করুন।
৩. নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি গ্রহণ করুন।
৪. সন্দেহজনক নোট পেলে দ্রুত ৯৯৯ নম্বরে বা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করুন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “আসল নোট চিনুন, নিরাপদ লেনদেন নিশ্চিত করুন”— এই মূলমন্ত্রে সবাইকে সচেতন থাকতে হবে।

