এমপিওভুক্ত শিক্ষকদের যৌক্তিক দাবি অবশ্যই মেনে নিতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৫টা ২৯ মিনিটে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “শিক্ষকদের দুর্দশাগ্রস্ত রেখে জাতির অগ্রগতি কখনোই সম্ভব নয়। আমাদের সম্মানিত শিক্ষকদের যৌক্তিক দাবি অবশ্যই মেনে নিতে হবে।”

এদিকে, দাবিপূরণের আশ্বাস পেয়ে শাহবাগ ব্লকেড তুলে নিয়েছেন শিক্ষকরা। বুধবারের মধ্যে তিনটি দাবি বাস্তবায়নের কথা জানিয়ে তারা নতুন কর্মসূচির ঘোষণা দেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানলে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

বিকেলে শহীদ মিনারের দিকে ফিরে যান তারা, ফলে শাহবাগ দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে দুপুর ২টার দিকে শিক্ষকরা শাহবাগে অবস্থান নেন এবং ঘোষণা দেন— “প্রজ্ঞাপন ছাড়া অবস্থান ত্যাগ নয়।” পুলিশ ব্যারিকেড দিলে তা ভেঙে তারা শাহবাগে অবস্থান নেন।

শিক্ষকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাতা প্রদান, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকায় উন্নীত করা, এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে বৃদ্ধি করা। এসব দাবির বাস্তবায়নে সরকার এখনো প্রজ্ঞাপন না দেওয়ায় শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেছেন।