চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ভোট পড়েছে ৬০ শতাংশ। বর্তমানে চলছে ভোট গণনার প্রস্তুতি।

এবারের নির্বাচনে ভোট হয়েছে ব্যালট পেপারে এবং গণনা হচ্ছে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে। ফলাফল প্রদর্শনের জন্য ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে ১৪টি এলইডি স্ক্রিন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানিয়েছেন, অমোচনীয় কালি উঠে যাওয়া ও কিছু বিচ্ছিন্ন অভিযোগ ছাড়া নির্বাচন সার্বিকভাবে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

চাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৭ জন। পাঁচটি অনুষদ ও ১৫টি হলে স্থাপিত ১৫টি কেন্দ্রে ৬০টি কক্ষে ৬৮৯টি বুথে ভোটগ্রহণ সম্পন্ন হয়। কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট শেষে নতুন কলা অনুষদ এলাকায় এলইডি স্ক্রিন বন্ধ থাকা ও কারচুপির অভিযোগকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।