জুলাই জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে সৃষ্ট অনিশ্চয়তার মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘অতি জরুরি’ বৈঠক শুরু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ছয়টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, জেএসডি (রব), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছেন।
সূত্র জানায়, বৈঠকে দলগুলো সনদে সই করবে কি না, এবং প্রয়োজনে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে পুনরায় আলোচনা হচ্ছে।
এর আগে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজসহ বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও মূখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াও অংশ নেন।
গতকাল (মঙ্গলবার) কমিশনের পক্ষ থেকে দলগুলোর কাছে ১৭ অক্টোবরের স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠানো হয়। তবে চূড়ান্ত সনদে বাস্তবায়ন পদ্ধতি না পাওয়ায় জামায়াত ও এনসিপি স্বাক্ষর না করার অবস্থান জানায়। একই অবস্থানে রয়েছে ইসলামী আন্দোলনসহ আরও পাঁচটি ইসলামপন্থি দল।
অন্যদিকে আপত্তি (নোট অব ডিসেন্ট) থাকা বিষয়গুলো উল্লেখ থাকায় বাংলাদেশ জাসদ, সিপিবি, বাসদ ও বাসদ (মার্কসবাদী) সই না করার সিদ্ধান্তে অটল। গণফোরামও স্বাক্ষর না করার বিষয়ে ভাবছে, আর গণতন্ত্র মঞ্চের বেশ কয়েকটি দলও একই অবস্থানে রয়েছে।

