দেশের বিভিন্ন স্থানে আরবি হরফ লেখা পতাকা প্রদর্শনের ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে কেউ কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশে বর্তমানে সংগঠিত জঙ্গিবাদী তৎপরতা বা বড় ধরনের কোনো উগ্রবাদী সংগঠনের অস্তিত্ব নেই।

বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু ব্যক্তি বা গোষ্ঠী ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে এমন কর্মকাণ্ডে জড়াতে পারে। যদিও কয়েকটি সংগঠনকে চরমপন্থি বলা যেতে পারে, তবুও সরকার মনে করে না যে দেশে কোনো সংগঠিত জঙ্গি নেটওয়ার্ক সক্রিয় রয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীও স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন—বাংলাদেশে কোনোভাবেই উগ্রবাদী বা মৌলবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না। এ বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের চলমান আন্দোলন, বিদেশে গ্রেপ্তার আসামিদের প্রত্যর্পণ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ, মাদকবিরোধী অভিযান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের তালিকা, পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং আওয়ামী লীগের বিচারসহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতেও সরকারের অবস্থান তুলে ধরেন।