সমতল অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, অধিকার ও উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রতিনিধিরা পৃথক ভূমি কমিশন গঠন, সমতলের অনগ্রসর জনগোষ্ঠীর জন্য জাতীয় কনভেনশন আয়োজন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ শব্দের পরিবর্তে জাতিভিত্তিক পরিচয়ের স্বীকৃতি, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, ভূমির আইনগত মালিকানা নিশ্চিত করা, কেন্দ্রীয় সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ঋণসুবিধা এবং বিভিন্ন প্রকল্প বা সংরক্ষিত বনাঞ্চলের নামে উচ্ছেদ বন্ধসহ একাধিক দাবি তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে কোনো জাতি বা গোষ্ঠীর প্রতি বৈষম্য থাকবে না। সবাইকে সঙ্গে নিয়েই একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দেশের বর্তমান অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংকটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অর্থপাচারের কারণে অনেক সমস্যা তৈরি হয়েছে। প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার না হলে এসব জনগোষ্ঠীর অনেক সমস্যারই সমাধান করা সম্ভব হতো। তিনি জানান, সরকার ধাপে ধাপে সমাধানযোগ্য বিষয়গুলো বাস্তবায়নের চেষ্টা করছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ করে একটি বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়তে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

