বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা হবে ভয়ঙ্কর চর্চা। তিনি স্পষ্ট করেন, বিএনপি কখনোই এমন পদক্ষেপকে সমর্থন করে না।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গুলশান নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন বলেন, বিভিন্ন রাজনৈতিক দল বর্তমানে পিআরসহ নানা দাবি নিয়ে রাজপথে কর্মসূচি দিচ্ছে। তবে এসব দাবি রাজপথে নয়, আলোচনার টেবিলে সমাধান হওয়া উচিত। রাজনৈতিক হীন উদ্দেশে পিআরের মতো অস্থিতিশীল ব্যবস্থার দিকে যাওয়া জাতীয় জীবনে ভয়ঙ্কর পরিস্থিতি ডেকে আনবে।
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার যেকোনো কৌশল জনগণ প্রতিহত করবে। রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি না হলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে, যা বৈশ্বিক শক্তি ও ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ করে দেবে।

নিজস্ব প্রতিবেদক 



















