টাঙ্গাইলের কালিহাতীতে ৩০০ পিস ইয়াবাসহ দুই যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকার বৃষ্টি হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের গ্রামের আজাহার আলীর ছেলে হাছান আলী (৩৭) এবং একই উপজেলার শালদাইর গ্রামের আব্দুল হকের ছেলে মাহমুদুল হাসান (৩৪)।
হাছান আলী ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক। এছাড়া মাহমুদুল হাসান একই ইউনিয়ন যুবদলের সদস্য।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় হাছান আলী ও মাহমুদুল হাসানের কাছ থেকে ১৫০ পিস করে মোট ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, তারা দুজনই দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন।
ভূঞাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক জুলহাস আলম বলেন, গ্রেপ্তার দুজনই যুবদলের সঙ্গে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক রাইজ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গার একটি হোটেলসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, গাবসারা থেকে ইয়াবা নিয়ে এলেঙ্গায় বিক্রির জন্য ক্রেতার অপেক্ষা করছিলেন।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম বলেন, এ ঘটনায় মঙ্গলবার রাতে মামলা করা হয়েছে। বুধবার আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

ডেস্ক রিপোর্ট 


















