চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সোহরাওয়ার্দী হল ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ।
আবু আয়াজ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও ইসলামী ছাত্রশিবিরের সোহরাওয়ার্দী হল শাখার প্রকাশনা সম্পাদক। তিনি ওই হলের আবাসিক শিক্ষার্থী।
উল্লেখ্য, সাদিক কায়েমের পরিবার খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর গ্রামে বসবাস করেন। তাদের মূল বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। বাবা পেশায় কাপড়ের ব্যবসায়ী ছিলেন এবং ব্যবসার সূত্রে প্রায় ৪০ বছর আগে পরিবারসহ খাগড়াছড়িতে স্থায়ী হন।
অন্যদিকে, চাকসুর ভিপি পদে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থী ইব্রাহীম হোসেন রনি ৭,২২১ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৪,০৮৫ ভোট।
জিএস পদে শিবিরের সাঈদ বিন হাবিব ৭,২৯৫ ভোটে জয়ী, আর ছাত্রদলের শাফায়াত পেয়েছেন ২,৪৩৩ ভোট। এজিএস পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক ৬,৪৩১ ভোটে এগিয়ে রয়েছেন।

